চাঁদা না দেওয়ায় প্রকৌশলীকে পেটালেন ছাত্রলীগ নেতা

মানিকগঞ্জচাঁদা দিতে অস্বীকার করায় মানিকগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক প্রকৌশলীকে লাঞ্ছিত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের বেউথা এলাকায় নাভানা কনস্ট্রাকশন নামের ওই ঠিকাধারি প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী আলমগীর শেখ মারধরের শিকার হন। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।
আলমগীর শেখ বেউথা কালীগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন মেয়র রমজান আলী সেতুর ঠিকাধারি প্রতিষ্ঠান নাভানা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশনের প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।
ওই প্রকৌশলী জানান, গত কয়েকদিন ধরে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সমাপ্ত হোসেন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা দিতে অস্বীকার করলে রবিবার দুপুরের দিকে সমাপ্তের নেতৃত্বে ৬/৭ জন ছাত্রলীগ নেতাকর্মী তাকে তার নিজ অফিস রুমে মারধর করে।

জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি সাদিকুল ইসলাম সোহা সমাপ্ত হোসেনের সহসভাপতি পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ ব্যাপারে প্রকৌশলী আলমগীর শেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

/আরএ/