নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে মোটরসাইকেলে ইয়াবা পাচারের সময় চার হাজার ৮৬৫ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। র‌্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– রায়হান (৩১) ও জিয়া উদ্দিন ওরফে সাগর (২৮)। এ সময় ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মোটরসাইকেল আরোহীর ছদ্মবেশে মাদকের বিপুল পরিমাণ চালান নিয়ে নিয়মিত চলাফেরা করে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা জানায়, পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে মোটরসাইকেল যোগে দীর্ঘদিন ধরে তারা ইয়াবা আনছিল। নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে কেনা-বেচা ও সরবরাহ করে আসছিল এই মাদক পাচারকারীরা।