নিহত ও আহত পুলিশ সদস্যরা ফেনীর ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত থেকে মহাসড়কে টহলরত দায়িত্ব পালন করছিলেন। ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন পাঠান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাকের ধাক্কায় পুলিশভ্যানটি খাদে পড়ে গেলে তিনজন আহত হন। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর কনস্টেবল রফিকুল ইসলাম (৫০) মারা যান।
গুরুতর আহত কনস্টেবল এনামুল হক (৩৮) ও হারুনুর রশিদকে (৩০) প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা জানান , নিহত পুলিশ কনস্টেবলের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে ।
/এফএস/