নির্বাচনের আগের দিন মারা গেলেন প্রার্থী

গাইবান্ধার সদরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগের দিন হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন সদস্য প্রার্থী ইমদাদুল হক ইদু। বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইমদাদুল হক ইদু (৫৫) সদর উপজেলার ৯ নম্বর খোলাহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদের প্রার্থী ছিলেন। তিনি টিউবওয়েল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি ছাড়াও ৫ নম্বর ওয়ার্ডে ছয় জন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইদুর বড় ছেলে নাহিদ হাসান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত তার বাবা এলাকার ভোটারদের সঙ্গে আলোচনা করেন। বিকালে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। পরে দ্রুত তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান। দীর্ঘদিন ধরে তার বাবা হৃদরোগে আক্রান্ত ছিলেন বলেও জানান নাহিদ।

এদিকে, ভোট গ্রহণের ১৫ ঘণ্টা আগে ইমদাদুল হক ইদুর মৃত্যুতে এলাকায় ভোটারসহ সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ইমদাদুল হক এলাকায় জনপ্রিয় ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালিব বলেন, ‘ভোটের আগে হঠাৎ প্রার্থীর মৃত্যুতে আমরা শোকাহত। আমরা শুনেছি তিনি কিছুটা অসুস্থ ছিলেন। তবে বৃহস্পতিবার ওই ওয়ার্ডে যথারীতি ভোট অনুষ্ঠিত হবে।’