টাঙ্গাইলে এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে রিশাদ মিয়া (৩০) নামে এক ট্রাক্টর চালককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১২ সিপিসি-৩-এর টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
রিশাদ জেলার সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে।
র্যাব জানায়, অভিযুক্ত রিশাদ মিয়া টাঙ্গাইল সদর উপজেলার বড় বেলতা এলাকায় ভাড়া বাসায় থেকে ওই এলাকায় ট্রাক্টর চালাতেন। গত ১৪ নভেম্বর ওই এলাকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী এক কিশোরীকে অপহরণ করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার টাঙ্গাইল সদর থানা ও র্যাব কার্যালয়ে অভিযোগ দেয়। এরপর র্যাব এ বিষয়ে অভিযানে নামে। কিশোরীকে নিয়ে বারবার স্থান ত্যাগ করায় বেকায়দায় পড়ে র্যাব। পরে বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই রিশাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা করা হয়। পরে বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘রিশাদ ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছেন। এ ঘটনায় আরও তিন-চার জন তাকে সহযোগিতা করে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার রিশাদকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। কিশোরীকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’