নীলফামারীতে গুলিবিদ্ধ অবস্থায় দু’সন্ত্রাসী আটক

নীলফামারীতে গুলিবিদ্ধ অবস্থায় দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গ্রেফতারকৃতরা হলেন, জেলার অন্যতম সন্ত্রাসী মোহাম্মদ আলী (৫০) ও আজাদ (৩৫)।

মোহাম্মদ আলী কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের বাসিন্দা ও আজাদ একই উপজেলার পুটিমারী ইউনিয়নের বাসিন্দা। বৃহস্পতিবার জেলার কিশোরগঞ্জ উপজেলা পুটিমারী ইউনিয়নের ভুডুরদোলা থেকে তাদের গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।

স্থানীয়রা জানান, র‌্যাব-১৩ একটি টিম বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউপির ভুডুরদোলা থেকে তাদের আটক করে। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব গুলি চালায়। এসময় তাদের পায়ে গুলি লাগে। কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বিকালে তাদের র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

/জেবি/টিএন/