কুমিল্লার মুরাদনগরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মুজাহিদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ জানান, শনিবার রাতে বাঙ্গরা বাজার এলাকার টনকী ইউনিয়নের পশ্চিমপাড়া বড় বাড়িতে এ ঘটনা ঘটে।
মুজাহিদ টনকী এলাকার প্রবাসী ইব্রাহিম মিয়ার ছেলে। স্থানীয় স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করতো।
এলাকাবাসী ও মৃতের স্বজনরা জানান, বড় ছেলে মুজাহিদকে বাসায় রেখে তার মা ছোট ভাইবোনদের নিয়ে মামার বাড়ি বেড়াতে যান। শনিবার দিবাগত রাতে হঠাৎ তাদের ঘরে আগুন লাগে। পাশের বাড়ি থেকে লোকজন আগুন দেখে চিৎকার শুরু করেন। এ সময় এলাকাবাসী এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর আগেই ঘরে মধ্যে একা ঘুমিয়ে থাকা মুজাহিদ ও পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নুরুল হুদা নয়ন বলেন, ‘আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। একটু দেরি হলে পাশের ঘরগুলোও পুড়ে যেত। এ সময় আগুনের ধ্বংসাবশেষ থেকে একটি লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
ইউএনও বলেন, ‘খবর পেয়ে আমি ও বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। জেলা প্রশাসকের নির্দেশনায় আগুনে পুড়ে যাওয়া লাশ দাফন করতে ওই পরিবারকে পঁচিশ হাজার টাকা প্রদান করেছি।’