ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে বাদল সরকার নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে কুড়িঘর গ্রামের নান্দুরা বাজারে এ ঘটনা ঘটে।
ঘটনায় বর্তমান চেয়ারম্যান আবুল কাসেমের ছেলে এরশাদুল হক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নিহত বাদল সরকার এলাকার সন্তোষ সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে এরশাদুল হক পাশের গ্রামের ওয়াজ-মাহফিল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে কুড়িঘর গ্রামের নান্দুরা বাজারে খায়েশ মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল লক্ষ্য করে গুলি করে। এতে বাদল সরকার নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ও এরশাদুল হক গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা এরশাদুল হককে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবুল কাশেমের স্থলে তার ছেলে এরশাদুল হক প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী খোকন মিয়া বলেন, আমরা অনেকেই বাজারে ছিলাম। হঠাৎ গুলির শব্দ শুনি। এগিয়ে গিয়ে দেখতে পাই চেয়ারম্যানের ছেলে এরশাদ গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে আছে। কারা গুলি করেছে তা এখনও জানা যায়নি।
হাসপাতালের চিকিৎসক ডা. আলী হায়দার জানান আহতের অবস্থা আশঙ্কাজনক। তার গায়ে বেশ কয়েকটি গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত চেয়ারম্যানপুত্রকে ঢাকায় পাঠানো হয়েছে। এলাকায় পর্যাপ্ত পুলিশও পাঠানো হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।