চলন্ত বাস থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

বগুড়ায় চলন্ত বাসের জানালা দিয়ে লাফিয়ে শফিকুল ইসলাম (২৫) নামে এক ইটভাটা শ্রমিক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে সদরের ঠেঙ্গামারা এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বড় ভাই শহিদুল ইসলামের দাবি, শফিকুল ইসলাম মানসিক প্রতিবন্ধী ছিল। ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন জানান, কোনও অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত শফিকুল ইসলাম নীলফামারী জেলার ডিমলা উপজেলার নওতারা গ্রামের ইয়াসিন আলীর ছেলে। বুধবার সকালে তিনি তার বড় ভাই শহিদুলের সঙ্গে কাজের জন্য ডিমলা থেকে কুমিল্লাগামী তাসিন পরিবহনের বাসে রওনা দেন। বেলা সাড়ে ১২টার দিকে বাসটি বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় মহাসড়কে পৌঁছে। এ সময় শফিকুল ইসলাম হঠাৎ চলন্ত বাসের জানালা দিয়ে লাফ দেন। মহাসড়কে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। ঘটনার পরপরই বগুড়া অঞ্চলের হাইওয়ে পুলিশের টহল টিম তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।