অষ্টমবারের মতো ইউপি চেয়ারম্যান হলেন বখতিয়ার আহমেদ

চতুর্থ ধাপে সাতক্ষীরার শ্যামনগরের নুরনগর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা বখতিয়ার আহমেদ। এ নিয়ে অষ্টমবারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

বর্তমানে তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। ৩৩ বছর তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। রবিবারের (২৬ ডিসেম্বর) নির্বাচনে তিনি পেয়েছেন পাঁচ হাজার ৫৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম আলমগীর চার হাজার ২৮২ ভোট পেয়েছেন। 

বখতিয়ার আহমেদ ১৯৭৭ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিনি ১৯৯৮ সাল পর্যন্ত পাঁচবার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৮ ও ২০১১ এর দুই নির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম আমলগীরের কাছে পরাজিত হলেও মাঝে ২০০৩ সাল থেকে ২০১১ সালে তিনি নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ ও এবারের নির্বাচনেও জয়লাভ করেছেন।

এ বিষয়ে চেয়ারম্যান বখতিয়ার বলেন, ‘আমি দলমতের ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য কাজ করি, সে জন্য মানুষ আমাকে ভোট দেয়। আর আগে সাত বার মানুষ আমাকে নির্বাচিত করেছে। বিএনপি সরকারের আমলেও আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। বিভিন্ন সময় বিভিন্ন প্রতীক নিয়ে আমি নির্বাচন করেছি। আমার এলাকার ভোটাররা আমার কাজ দেখে ভোট দিয়েছে। পূর্বে যেভাবে মানুষের সঙ্গে কাজ করেছি, আগামীতেও মানুষের জন্য কাজ করে যেতে চাই।’