ময়মনসিংহে আবাসিক এলাকায় ইটভাটা, হুমকিতে পরিবেশ

ময়মনসিংহে আবাসিক এলাকায় বাড়িঘর ঘেঁষে অবৈধভাবে ইটভাটা গড়ে উঠেছে। ঘরে ঢুকছে ভাটার কালো ধোঁয়া ও ধুলাবালি। ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার প্রাকৃতিক পরিবেশ। স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, এ বিষয়ে প্রশাসনের কোনও নজরদারি নেই। 

জেলায় মোট ৩৪৮টি ইটভাটা রয়েছে। এর মধ্যে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র রয়েছে ৩৯টির। বাকিগুলো অবৈধভাবে গড়ে উঠেছে। ময়মনসিংহ সদরের উজান ভারেরার কসাইবাড়ি আবাসিক এলাকার বাড়িঘর ঘেঁষে গড়ে উঠেছে বেশ কয়েকটি অবৈধ ইটভাটা। এসব ভাটার কালো ধোঁয়া ও ধুলাবালিতে অসুস্থ হয়ে পড়ছেন আশপাশের শিশুসহ নানা বয়সী মানুষ।

স্থানীয় রানু বেগম জানান, বাড়িঘরের পাশে একের পর এক ইটভাটা গড়ে উঠছে। ধুলাবালি ও ধোঁয়া ঘরে ঢুকে পড়ছে। ঘরে রাখা কাপড় ময়লা হয়ে যায়। একদিনের বেশি জামা-কাপড় ব্যবহার করা যায় না। এলাকা সারাক্ষণ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকে। ইটভাটার মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কিছু বলাও যায় না।

বাড়িঘর ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা

একই এলাকার কানু মিয়া জানান, জমি লিজ নিয়ে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে ইটের ভাটা গড়ে তুলেছে। তারা প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে ইট পোড়াচ্ছে। এসব ভাটা মালিকের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না।

গৃহবধূ কমলা বেগম বলেন, ইটভাটার কারণে গাছে কোনও ফল ধরে না। ক্ষেতে সবজি চাষ করা যায় না।প্রশাসন একটু সদয় হয়ে ইটভাটা উচ্ছেদ করলে ছেলেমেয়ে নিয়ে আমরা একটু শান্তিতে বসবাস করতে পারতাম। 

মেসার্স সেবা ট্রেডার্স ইটভাটার স্বত্বাধিকারী ইব্রাহিম সুমন জানান, প্রশাসনকে জানিয়েই ভাটায় ইট পোড়ানো হচ্ছে। ইট পোড়াতে গেলে আশপাশের বাড়িঘরে ভাটার কালো ধোঁয়া ও ধুলাবালি একটু যাবেই। এতে কিছুই করার নাই।

ভাটার কালো ধোঁয়া ও ধুলাবালিতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন স্থানীয়রা

ময়মনসিংহ সদরের ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, আইন মেনে আবাসিক এলাকার বাইরে ইটভাটার তৈরির কথা থাকলেও কিছু ব্যক্তি তা মানছে না। ভাটার কালো ধোঁয়া ও ধুলাবালি পরিবেশের ক্ষতি করে। এসব অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে সমিতির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে বেশ কয়েকবার বলা হয়েছে। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

পরিবেশ অধিদফতরের বিভাগীয় পরিচালক ফরিদ আহম্দ বাংলা ট্রিবিউনকে জানান, জেলা প্রশাসনের সহায়তা নিয়ে দ্রুতই অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, পরিবেশ অধিদফতরের কাছ থেকে তালিকা নিয়ে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।