নির্ধারিত সময়ের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় উজ্জল ফকির (২৫) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত উজ্জল বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নে বাকাল গ্রামের আলী হোসেনের ছেলে এবং ওই গ্রামের বাসিন্দা। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পেশায় দিনমজুর উজ্জল সম্প্রতি ওই গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে সেখানেই বসবাস করছিলেন।
স্ত্রী রহিমা আক্তারের দাবি, ‘সপ্তাহে ৮৫০ টাকা কিস্তি পরিশোধের শর্তে পল্লী দারিদ্র বিমোচন প্রকল্প থেকে ৩০ হাজার টাকা ঋণ নেয়। বছরে ৪২ কিস্তির মধ্যে ২৬ কিস্তি পরিশোধও করে। বাকি কিস্তি পরিশোধ না করায় পল্লী দারিদ্র বিমোচন থেকে লোকজন এসে মামলার হুমকি দেন।’
তিনি আরও জানান, কিস্তির টাকা পরিশোধ নিয়ে বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে স্ত্রীর বাগবিতণ্ডা হয়। এর জেরে রাত ১২টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করেন উজ্জল। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে রাত ৩টার দিকে মারা যান।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে শুক্রবার সকালে উজ্জলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’