গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস হয়েছে। এটাই সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে গোপালগঞ্জ আবহাওয়া অফিস জানিয়েছে।
আজ সোমবার ভোর রাতে গোপালগঞ্জ আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করেছে। আগামীকাল মঙ্গলবারের তাপমাত্রাও ৬ এর কাছাকাছি থাকতে পারে বলেও ওই অফিসের কর্মকর্তা আভাস দিয়েছেন।
গোপালগঞ্জ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, বর্তমানে গোপালগঞ্জের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত এ শৈত্যপ্রবাহ বিদ্যমান থাকতে পারে বলে তিনি আভাস দিয়েছেন। এ কারণে মঙ্গলবারের তাপমাত্রা সোমবারের রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রার কাছাকাছি থাকতে পারে বলে তিনি জানান। তবে দিনের বেলায় ঝলমলে রোদ থাকায় আবহাওয়া উষ্ণ থাকবে কিন্তু বাতাস প্রবাহিত হওয়ার কারণে কনকনে শীতও থাকবে বলে তিনি জানান।
এদিকে জেলাজুড়ে শীত জেঁকে বসায় ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কষ্ট চরম আকার ধারণ করেছে। শিশু-বৃদ্ধসহ সব বয়সের মানুষ ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। এ ধরনের আবহাওয়ায় জেলার কৃষকরা ফসলের ক্ষতির আশংকা করছেন।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু রোগী এখনও হাসপাতালে আসতে শুরু করেনি। তবে শীত আরও কয়েকদিন স্থায়ী হলে শিশুরাও শীতে আক্রান্ত হতে পারে। তিনি শিশুদের গরম কাপড় দিয়ে জড়িয়ে রেখে ঠাণ্ডা না লাগানোর পরামর্শ দেন ।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী জানিয়েছেন, রাতে তাপমাত্রা কমে গেলেও দিনের বেলায় রোদ থাকছে। এ কারণে ফসলের কোনও ক্ষতি হওয়ার আশংকা নেই।
/টিএন/