কেসিসিতে এবার আড়াই হাজার কোটি টাকার প্রকল্প

খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) এবার আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ভৌত অবকাঠামো উন্নয়ন করা হবে। প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্রকল্পের মাধ্যমে মহানগরীর সড়ক, ড্রেন, পাম্প হাউজ, পাবলিক হল, ওয়ার্ড অফিস কাম কমিউনিটি সেন্টার, কলেজিয়েট স্কুল ও মাদ্রাসা, আধুনিক কসাইখানা নির্মাণ, সড়ক বাতি স্থাপন, পার্ক ও খেলার মাঠ আধুনিকায়নসহ জলাশয় সংরক্ষণ করা হবে।

বুধবার বিকাল সাড়ে ৩টায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প যাচাই কমিটির সভায় এ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার জুম ক্লাউডের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অংশ নেন।

উল্লেখ্য, অনুমোদিত প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক প্ল্যানিং কমিশনে পাঠানো হবে। প্ল্যানিং কমিশন যাচাই-বাছাই শেষে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে একনেক সভায় উত্থাপন করা হবে।

এর আগে কেসিসির সড়ক মেরামত ও উন্নয়নে এবং খুলনা শহরে জলাবদ্ধতা দূরীকরণ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে মোট ১৪শ’ কোটি টাকার দুটি মেগা প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৮ সালের ৯ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প দুটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেসিসির গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন এবং পুনর্বাসন প্রকল্পের উদ্যোগী মন্ত্রণালয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং বাস্তবায়নকারী সংস্থা কেসিসি। প্রকল্পের মেয়াদ ডিসেম্বর-২০১৮ থেকে জুন ২০২২ সাল পর্যন্ত। এ ছাড়া ৮২৩ কোটি টাকার প্রকল্পের মূল অংশে রয়েছে ৯টি প্রধান সড়কের ৬২ কিলোমিটার এলাকায় প্রাইমারি ড্রেন, নগরীর বিভিন্ন ওয়ার্ডের ভেতরে প্রায় ১২৮ কিলোমিটার সেকেন্ডারি ড্রেন (৩ ফুটের কম), প্রধান ড্রেনগুলোর মধ্যে মুজগুন্নী মহাসড়কের উভয় পাশে ফুটপাতসহ দু’ পাশে ৮ কিলোমিটার ড্রেন, যশোর রোডের ডাকবাংলো মোড় থেকে নতুন রাস্তা পর্যন্ত ২০ কিলোমিটার নতুন ড্রেন, খানজাহান আলী রোডের পিটিআই মোড় থেকে রূপসা ঘাট পর্যন্ত ৩ কিলোমিটার নতুন ড্রেন, একই সড়কের ফেরিঘাট বাস টার্মিনাল থেকে রয়্যালের পর্যন্ত ৬ কিলোমিটার ড্রেন নির্মাণ।