মাতৃভাষা দিবসের মিছিলকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

লক্ষ্মীপুরের রায়পুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা এ সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, উপজেলা পরিষদের সড়কের ডাকবাংলোর সামনে, প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে হাসপাতালে যান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটসহ অন্য নেতারা। 

অন্যদিকে, বিএনপির নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম আলমাস। এ সময় আহত নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ নেন তারা।

আহতদের মধ্যে রয়েছেন ফয়সাল আহমেদ, মুরাদ হোসেন, শান্ত ইসলাম, রিয়াজ, সজীব, সোহেল হোসেন, শিমুল, জুম্মন, সোহেল আহমদ, এমরান, মিরাজ, নিলয় বিন বাঙ্গালি, আলাউদ্দিনসহ ২০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুর গাজী মার্কেট থেকে সকালে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনারে যান। সেখানে পুষ্পার্ঘ্য অপর্ণ করে ফেরার পথে তারা সরকারবিরোধী স্লোগান দেন। এতে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বাধা দিলে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। এর জের ধরে শহরের প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায়ও ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু বলেন, ‘আমাদের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। বিনা উসকানিতে এ হামলায় আহত ৮-১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

পাল্টা অভিযোগ তুলে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল স্লোগান দিয়ে মিছিল করেছেন। তারা লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে আমাদের নেতাকর্মীদের আহত করেছেন।’

এ ব্যাপারে রায়পুর থানার ওসি বলেন, ‘মিছিল করা নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। আহতরা চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।’