বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক যুবদল নেতাসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে সাবেক ছাত্রলীগ নেতা জুম্মান সোলতান মামলাটি করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় দুজনকে আটক করে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান বিএনপি নেতাকর্মীরা। সে সময় তারা উচ্ছৃঙ্খল আচরণ করে স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লোকজনের ওপর অতর্কিত হামলা ও ভাঙচুর করেন। এতে সাবেক ছাত্রলীগ নেতা জুম্মান সোলতানসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আহত হন। এ ঘটনায় রাতে জুম্মান সোলতান বাদী হয়ে বিএনপির উপজেলা সহ-সভাপতি সফিক ভূঁইয়া ও সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল আলম আলমাসসহ ৫১ জনের নাম উল্লেখ মামলা করেন। এতে আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে লাঠিসোঁটা নিয়ে আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় আমাদের ৮ নেতাকর্মী আহত হন।’

রায়পুর থানার ওসি বলেন, ‘অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের সড়কের ডাকবাংলোর সামনে, প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুই দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন। দফায় দফায় সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।