চট্টগ্রামে গ্রেফতার নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্য রুমেলকে (২০) জিজ্ঞাসাবাদে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ জুয়েল দেবের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক খায়রুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রুমেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতার রুমেলকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। তাকে চট্টগ্রামে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।’
মঙ্গলবার দুপুরে নগরীর কোতয়ালি থানাধীন এমএ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস জামে মসজিদের সামনে থেকে রুমেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ধর্মীয় উগ্রবাদ ও উসকানিমূলক বেশ কিছু প্রচারপত্র উদ্ধার করা হয়।
রুমেল নরসিংদীর বেলাবো থানার হাজার বাড়ির কুদ্দুস মিয়ার ছেলে। তিনি নগরীর চান্দগাঁও থানার বড় বাড়ির জিন্নাত আলী তালুকদার মসজিদ সংলগ্ন বি ডি ওয়েল মাস্ক ফ্যাক্টরির অফিস কক্ষে বসবাস করতেন। বুধবার রুমেলকে আসামি করে কোতয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই ফরহাদ হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার লক্ষ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে তাকে (রুমেল) গ্রেফতার করা হয়।
এজাহারে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে রুমেল জানিয়েছে, নিষিদ্ধ আনসার আল ইসলামের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে শরিয়াহ ও খেলাফতভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তারা।