জামালপুরের মেলান্দহে শিক্ষার্থীকে ধর্ষণ এবং অন্তঃসত্ত্বা করার অভিযোগে মো. বিলাস (২০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে তাকে উপজেলার আদ্রা ইউনিয়নের টনকিপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে আসামিকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, ধর্ষণের শিকার মেয়েটি একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়তো। ওই স্কুলের সহকারী শিক্ষক মো. বিলাস তার সঙ্গে সম্পর্ক গড়ে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হলে পুলিশ রাতে বিলাসকে আটক করে। সে আদ্রা ইউনিয়নের আজগর আলীর ছেলে।
ওসি আরও জানান, এই ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রী অভিযুক্ত বিলাসের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছে।