সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার হাসপাতালে মৃত্যু

ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাজিউর রহমান রাজিব (৪২)। বুধবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাজিউর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা এটিএম নাসিরুদ্দিনের  ছেলে। তার সাড়ে তিন বছর ও এক বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। তিনি গোপালপুর বাজারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তারিকুল ইসলাম জানান, গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে পাশের জেলা গোপালগঞ্জে শ্বশুরবাড়িতে বেড়ানো শেষ করে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন রাজিউর। মুকসুদপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের চাপায় গুরুতর আহত হন তিনি। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরের দিন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার সেখানে মারা যান তিনি।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজিউরের মৃতদেহ গ্রামের বাড়িতে এনে সকাল ৯টার দিকে কাঞ্চন একাডেমি মাঠে জানাজা শেষে কামারগ্রাম কবরস্থানে দাফন করা হবে।