চুলার আগুনে পুড়লো ৩ বসতঘর

মাদারীপুরে রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে গেছে। সোমবার (২৮ মার্চ) বিকাল ৪টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের হাওলাদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ইউনুস হাওলাদার, শাহাবুদ্দিন হাওলাদার ও শহিদুল হাওলাদারের তিনটি বসতঘর মালামালসহ পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৪টার দিকে মস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকার ইউনুস হাওলাদারের রান্নাঘরে তার স্ত্রী রান্না শেষ করে বসতঘরে চলে আসেন। এরপর রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে একে একে পাশে থাকা আরও দুটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তারা ফায়ার সার্ভিসে ফোন করেন। পরে মাদারীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘আগুন লাগার ফোনকল পেয়ে একটি ইউনিট নিয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’