পাওনা টাকা নিয়ে বিরোধে স্বজনদের ‘মারপিটে’ বৃদ্ধের মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধে ভাই ও ভগ্নিপতির মারধরে মঈন উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিহালী চকপাড়ায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, হত্যায় জড়িতরা আত্মগোপন করেছেন। শনিবার বিকাল পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মঈন উদ্দিন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিহালী চকপাড়ায় মৃত আফসার আলীর ছেলে। মঈনের কাছে তার তিন ভাই মমতাজ উদ্দিন, মোখলেছার রহমান, খোকা মিয়া ও ভগ্নিপতি আনোয়ার হোসেন কিছু টাকা পান। টাকা পরিশোধ না করায় মঈন উদ্দিনের সঙ্গে স্বজনদের বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টাকা আদায় করতে তিন ভাই ও ভগ্নিপতি মঈন উদ্দিনের বাড়িতে যান। দরজা না খোলায় তারা ভেঙে বাড়িতে ঢোকেন। এরপর তারা ক্ষিপ্ত হয়ে কিলঘুষি মারলে বৃদ্ধ মঈন উদ্দিন মাটিতে পড়ে গিয়ে মারা যান।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পাওনা টাকা পরিশোধ না করায় ভাই ও ভগ্নিপতিরা দরজা ভেঙে বাড়িতে ঢুকে মারধর করলে বৃদ্ধ মঈন উদ্দিন মারা যান। মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।