রাবিতে পাঁচ দিনব্যাপী পথনাটক উৎসব শুরু

‘ধরো হাত কণ্ঠে রাখ জোর, জীর্ণতার আধারে ভেঙ্গে আসবে ভোর’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী পথনাটক উৎসব শুরু হয়েছে। রাজশাহী ইউনিভর্সিটি ড্রামা অ্যাসোসিয়েশন (রুডা) আয়োজিত এ পথনাটক উৎসবে তিন দিনে নয়টি নাটক মঞ্চস্থ হবে।

শনিবার সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন রুডার প্রাক্তন সহসভাপতি এনামুল কবির বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ও রুডার প্রতিষ্ঠাকালীন সদস্য অধ্যাপক ছাদেকুল আরেফিন। এ সময় সংগঠনটির সভাপতি শাহাবুদ্দিন সিহাবের সভাপতিত্বে অধ্যাপক ছাদেকুল আরেফিনকে সম্মাননা প্রদান করা হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করে সংগঠনটির সদস্যরা।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে মনোজ মিত্রের রচনা ও রুডার পরিবেশনায় মহাবিদ্যা, মান্নান হীরার রচনা ও সিরাজগঞ্জ মৃত্তিকা নাট্যশালার পরিবেশনায় আগুনের জবানবন্দি নাটক মঞ্চস্থ হবে। সন্ধ্যায় রাজশাহী থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হবে গিয়াস উদ্দিন সেলিমের ঠ্যারো।

এছাড়া রবিবার বিকেল ও সন্ধ্যায় একই মঞ্চে বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের পরিবেশনায় সমীর দাশগুপ্তের বিফলে মূল্য ফেরত, রুডার পরিবেশনায় জিল্লুর রহমানের ট্রিটমেন্ট এবং উদীচী রাবি সংসদের পরিবেশনায় রোমেল রহমানের ব্লাড টেস্ট নাটক মঞ্চস্থ করা হবে।

পরদিন সোমবার মঞ্চস্থ হবে মান্নান হীরার বৌ, এস্-এর শনি সংকেত এবং সমকাল নাট্যচক্রের পরিবেশনায় রাধা রমন ঘোষের হয়তো নয়তো। নাট্য প্রদর্শনীর বাইরে রাবির নাট্য সংগঠন রুডা শুক্রবার পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন এবং সোনাদিদির সাড়ি ডকুমেন্টরি প্রদর্শনীর আয়োজন করে।

/আরএ/