পণ্যের মূল্য তালিকা না থাকায় ৩৩ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত বিক্রয় রশিদ সরবরাহ না করায় তিনটি হার্ডওয়ারের ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত রাজশাহী নগরীতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই জরিমানা আদায় করা হয়।

এ সময় নগরীর কোর্ট হড়গ্রাম বাজারের রওশন ট্রেডার্সকে ৮ হাজার টাকা, রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়াম মার্কেটের পাবনা আয়রন স্টোরকে ২০ হাজার টাকা এবং আহম্মদ হার্ডওয়ারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, ‘নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সকাল থেকেই নগরীর হড়গ্রাম বাজার, কোর্ট স্টেশন বাজার ও রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়াম মার্কেটে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৮ থেকে ১০টি প্রতিষ্ঠানের কার্যক্রম মনিটরিং করে তিনটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘এই তিনটি প্রতিষ্ঠান পণ্যমূল্য প্রদর্শন করেনি এবং ক্রেতাদের রশিদ সরবরাহ করে না বলে অভিযোগ ছিল। যারা পণ্যমূল্যে সরবরাহ করবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সম্প্রতি গ্যাসের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়টিকেও গুরুত্ব দিয়ে সামনে অভিযান পরিচালনা করা হবে।’