শিবির সন্দেহে শিক্ষার্থী আটকের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুর ১টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আরিফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। আরিফুল গত বৃহস্পতিবার শিবির সন্দেহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পুলিশে ধরিয়ে দেন।
রাজশাহী মহানগরীর মতিহার থানার ওসি (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘এই ঘটনায় দুপুরে একটি জিডি করেছেন আরিফুল। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি হতে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শিবির সন্দেহে পুলিশে দেয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম ও নেতাকর্মীরা। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
/জেবি/টিএন/