ইমামের বেতনের টাকা তোলা নিয়ে সংঘর্ষে একজন নিহত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তারাবিহর নামাজে নিযুক্ত ইমামের বেতনের টাকা তোলা নিয়ে দু পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বাবুল হোসেন (৪২) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

শুক্রবার (২২ এপ্রিল) বিকালে উপজেলার তেয়াশিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল। তিনি তেয়াশিয়া গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে।

আহতদের মধ্যে মুছা প্রামাণিক (৫০), বাবু মুন্সী (৩২), সিয়াম (১৪), ইয়াকুব (৩২) ও সাবানা বেগমকে (৪৫) সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের ভাতিজা মনিরুল ইসলাম ও স্থানীয় ইউসুফ জানান, তেয়াশিয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক গ্রুপের সঙ্গে একই গ্রামের মুসা প্রামাণিক গ্রুপের পূর্ব থেকে বিরোধ চলছিল। শুক্রবার জুমার নামাজ শেষে তারাবিহর নামাজ পড়ানো ইমামের টাকা তোলা নিয়ে দু পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মসজিদের মধ্যেই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরবর্তী সময়ে মালেক গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। দফায় দফায় হামলায় ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বাবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা গেছেন।

নিহতের শ্যালক রইচ উদ্দিন বলেন, ‘বাবুল হোসেন একজন কৃষি দিনমজুর। তিনি সংঘর্ষের বিষয়ে জানতেন না। কামলা দিয়ে এসে মসজিদের পাশে দাঁড়িয়েছিলেন। এ অবস্থায় তার ওপর উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।’

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন বলেন, ‘দু পক্ষের পূর্ব বিরোধ থেকে মসজিদের ভেতরে সংঘর্ষ হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় একজন মারাও গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’ মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে বলে তিনি জানান।