যশোর শহরের পুরাতন কসবা নিরিবিলি এলাকা থেকে ড্রামের ভেতরে থাকা কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শ্রমিকরা মাটি খোঁড়ার সময় কঙ্কালটি বেরিয়ে আসে।
স্থানীয়রা জানায়, বজলুর রহমান নামে এক ব্যক্তি আড়াই বছর আগে ওই জমিটি কেনেন। জমিতে বাড়ি নির্মাণের কাজ চলছে। সোমবার পাইলিং করার সময় মাটির নিচে একটি প্লাস্টিকের ড্রামের সন্ধান পান শ্রমিকরা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রাম খুলে ভেতর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করে।
সেখানে কাজ করতে আসা শ্রমিকরা জানান, পাইলিংয়ের সময় তারা ড্রামটি দেখতে পান। ওই ড্রামের ভেতর ও আশপাশে চুন দেওয়া ছিল। দুর্গন্ধ পেয়ে সন্দেহ হলে তারা জমির মালিক বজলুকে জানান।
জমির মালিক বজলুর রহমান জানান, আড়াই বছর আগে সোয়া চার শতক জমিটি তিনি পুরাতন কসবার শেখ মোতালেব বাবুর কাছ থেকে কেনেন। তিনি সেখানে বাড়ির কাজ শুরু করেন। আজ শ্রমিকদের মাধ্যমে তিনি খবরটি জানতে পারেন।
জমির আগের মালিক শেখ মোতালেব বাবু জানান, এই জমিটি আগে পুকুর ছিল। সেই সময় তিনি মসিউর রহমান বাবু নামে এক ব্যক্তির কাছে জমির বায়না করেন। পরে বাবু পুকুর ভরাট করে সেখানে একটি অফিস করেন। এরপর ব্যাংকার বজলুর রহমান জমির দাম শোধ করলে তাকেই জমিটি রেজিস্ট্রি করা দেওয়া হয়। কিন্তু ড্রামে ভরা লাশ কে বা কারা সেখানে পুঁতে রেখেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
এ ঘটনার পর কোতয়ালি থানা, পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ কর্মকর্তাসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কোতয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কঙ্কাল উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বেশ আগে কারও লাশ ড্রামভর্তি করে জমিতে পুঁতে রাখা হয়েছিল। এ ছাড়া প্রত্যেক থানায় ইতোপূর্বে কেউ নিখোঁজ হয়েছিল কিনা সেই বিষয়ে বেতার বার্তা পাঠানো হয়েছে।