গাজীপুর মহানগরের কোনাবাড়ী উড়াল-সড়কে মোটরসাইকেল-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত এবং চার জন আহত হয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় উড়াল-সড়কের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন–মানিকগঞ্জের বাসিন্দা রাজু মিয়া (৩০), রংপুরের বাসিন্দা মোটরসাইকেল চালক শাহীন (৩২) এবং তার বন্ধু শামীম (৩১)। আহতদের মধ্যে রয়েছে রাজুর আড়াই বছরের মেয়ে রাইসা।
নিহতরা কোনাবাড়ী কলেজগেট এলাকার একটি বাড়িতে পাশাপাশি ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।
ওসি জানান, হতাহতরা মোটসাইকেলযোগে উল্টো পথে উড়াল-সড়ক দিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। নতুন বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় উড়াল-সড়কের ওপর থেকে শাহীন ও শামীম ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। রাজু ও তার মেয়ে রাইসা আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পোশাকশ্রমিক শাহীন, শামীম ও রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আড়াই বছরের রাইসাকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।