মাইক্রোবাসের ৬ যাত্রী নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের ছয় যাত্রী নিহতের ঘটনায় ওই বাসের চালক মশিউর রহমানকে আটক করেছে র‌্যাব-৮। এ ঘটনায় মাইক্রোবাস চালকের ছেলের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সোমবার বেলা ১১টায় গৌরনদী হাইওয়ে থানায় সোপর্দ করা হয়।

আরও খবর: কুয়াকাটার পথে নিহত ৬ জনের জানাজাও হলো একসঙ্গে

মশিউর বাগেরহাট জেলার গোটাপাড়া এলাকার ইউসুফ আলী শেখের ছেলে।

র‌্যাব-৮-এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনার পর থেকেই বাসচালককে আটকের জন্য অভিযান শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বরগুনা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ সকালে ওই ঘটনায় দায়ের মামলায় চালক মশিউরকে গ্রেফতার দেখিয়ে গৌরনদী হাইওয়ে থানায় সোপর্দ করা হয়।’

প্রসঙ্গত, ২১ জুলাই দুপুরে গাজীপুর থেকে কুয়াকাটাগামী মাইক্রোবাস উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলস নামে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চার জন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়।