দীর্ঘ প্রায় আট ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে মোংলা বন্দর ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালের আকস্মিক ঝড়ে গাছ ভেঙ্গে পড়ে মোংলা বন্দর এলাকায় পিডিবি'র মেইন গ্রিডের তার ছিঁড়ে যায়। এতে বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় মোংলা বন্দর, পৌর শহর ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র।
রাত সোয়া ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। টানা প্রায় আট ঘণ্টা ধরে অন্ধকারে থাকা দেশের গুরুত্বপূর্ণ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, মোংলা বন্দর, বন্দর শিল্পাঞ্চল ও ইপিজেডসহ আশপাশের বিভিন্ন এলাকা আবারও আলোকিত হয়।
পিডিবি'র মোংলা আবাসিক প্রকৌশলী মো. ফরহাদ হোসেন বলেন, ঝড়ে মহাসড়কের পাশের বিশাল গাছ ভেঙ্গে পড়ে ৩৩ হাজার ভোল্টের প্রধান গ্রিডের তার ছিঁড়ে যাওয়ার পর বিরতিহীনভাবে দ্রুত কাজ করে রাত সোয়া ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে।