গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর (নয়নপুর) বাজারের ঈমান আলী সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী মোস্তফা কামাল জানান, ওই মার্কেটের নাসিরের মোটরসাইকেল গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। দ্রুত আগুন পাশের ব্যবসায়ী হাদিউলের টাইলসের গোডাউন ও ফার্নিচারের দোকান, নাসিরের মোটরসাইকেল গ্যারেজ ও পাখির দোকান, আইন উদ্দিনের ফার্নিচার দোকান এবং আব্দুল হামিদ মিয়ার আরফান ডিজিটাল ট্রান্সপোর্টসহ ওই মার্কেটের ছয়টি দোকান পুড়ে যায়। মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন চৌধুরী রায়হান জানান, সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজারের ওই মার্কেটে আগুন লাগে। আগুনে ছয়টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে ওই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কেউ হতাহত হয়নি।