খুলনার ডুমুরিয়ায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মুহিদুল মোড়লকে গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বাগেরহাটের যাত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনার ডুমুরিয়া থানা এলাকার দরিদ্র পরিবারের সপ্তম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে (১৬) গত রমজান মাসে মাদ্রাসা ছুটি থাকার কারণে প্রতিবেশী সিরাজুল গাজীর বাড়িতে গৃহস্থালির কাজে নিয়োজিত হয়। সিরাজুলের স্ত্রী ইরানি বেগম অসৎ উদ্দেশ্যে মেয়েটিকে বেড়ানোর কথা বলে ডুমুরিয়া থানা এলাকায় তার বাবার বাড়িতে রেখে আসে। পরবর্তী সময়ে ইরানির বাবা কারিমুল শেখের ঘরে তার শ্যালক মহিদুল মোড়ল (৪০) মেয়েটিকে ধর্ষণ করে এবং কারিমুল শেখও পর্যায়ক্রমে ধর্ষণ করে।
তিনি আরও জানান, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ভিকটিম বাদী হয়ে ডুমুরিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করে। ৬ সেপ্টেম্বর র্যাব-৬ (স্পেশাল কোম্পানি)-এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, ওই ধর্ষণ মামলার প্রধান আসামি বাগেরহাট জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র্যাবের দলটি বিকাল সাড়ে ৩টার দিকে বাগেরহাট জেলার সদর থানাধীন যাত্রাপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মহিদুলকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।