যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০টি সোনার বারসহ আশিকুর রহমান (৩২) নামে একজন সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। উদ্ধার সোনার দাম দুই কোটি ৫৩ লাখ টাকা।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজার থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
আটক আশিকুর রহমান বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, বিজিবির গোয়েন্দা বিএসবির দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে বিশেষ একটি দল বালুন্ডা বাজার এলাকায় অভিযান চালায়। সে সময় সোনা পাচারকারী আশিকুর রহমানকে আটক করে তার শরীরে লুকিয়ে রাখা ৩০টি সোনার বার জব্দ করা হয়। এ নিয়ে গত ছয় মাসে ১৭ কেজি ৫৭৪ গ্রাম সোনা আটক করেছে ২১ বিজিবি ব্যাটালিয়ন, যার সিজার মূল্য প্রায় ১২ কোটি টাকা।
উদ্ধার সোনাসহ আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।