বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার ২ যাত্রীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বেলতলি বিশ্বরোড এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।

নিহতরা হলেন– সদর দক্ষিণ উপজেলার কিসমতপুর এয়ালাকার বাসিন্দা জয়নাল আবেদিন (৩৫) এবং দুর্লভপুর এলাকার ইমরান হোসেন (৩০)।

দুর্ঘটনার বিষয়ে ওসি বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে শুনেছি, বাসটি পেছন থেকে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আরও দুজন আহত হয়েছেন। নিহতদের লাশ এখনও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। আহতরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত গাড়ি আমাদের হেফাজতে আছে।’