স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের করিমগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলায় স্বামীসহ তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিদের অর্থদণ্ডও করেন আদালত। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– স্বামী খোকন মিয়া (৩৭), তার বোন জরিনা খাতুন (৩৯) এবং আত্মীয় জালাল মিয়া (৪৩)। তারা সবাই করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকার বাসিন্দা।

খোকন মিয়াকে ৫০ হাজার, জালাল মিয়াকে ত্রিশ হাজার ও জরিনা খাতুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জনান, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এই রায় থেকে সমাজের যৌতুকের জন্য নারীদের ওপর অপরাধপ্রবণতা কমবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৬ বছর আগে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের খৈলাকুরী গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে হেনা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই ইউনিয়নের বন্ধগোমরা এলাকার ইমান আলীর ছেলে খোকনের। বিয়ের পর থেকেই হেনার ওপর স্বামী খোকনসহ পরিবারের অন্য সদস্যরা যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। হেনাকে একটি টিনের ঘর তৈরি করে দেন ছোট ভাই সাইফুল ইসলাম। এ ছাড়াও বোনের স্বামী খোকনকে ব্যবসার জন্য ৪০ হাজার টাকা দেন। কিছুদিন পর আবারও যৌতুকের জন্য চাপ সৃষ্টি করেন তারা। এ সময় হেনা অস্বীকৃতি জানালে ২০১৫ সালের ৪ অক্টোবর রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন অভিযুক্তরা।

এ ঘটনায় পরদিন রাতে হেনার ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ২০১৬ সালের ১৫ মার্চ অভিযোগপত্র দাখিল করেন।