নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু এলাকা থেকে অবৈধ ভাবে আনা ৫ কোটি ১৬ লাখ সাড়ে ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার করেছে পাগলা কোস্ট গার্ড স্টেশনের একটি দল। তবে অভিযানের সময়ে কাউকে আটক করা যায়নি। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য দেন স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান।
তিনি জানান, রবিবার দুপুরে কোস্ট গার্ড এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল কাঁচপুরে অভিযান চালায়। এসময় তারা ট্রাকভর্তি মালামাল দেখতে পায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মালামালের সঙ্গে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে গেছে। এ অবস্থায় অপারেশন দল ট্রাকটি তল্লাশি করে অবৈধ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও থানকাপড় দেখতে পায়। পরবর্তীতে মালামালসহ ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-০৭২৯) পরিত্যক্ত অবস্থায় জব্দ করে, সিজি স্টেশন পাগলায় আনা হয়। পরে গণনা করে ৭৭১০টি শাড়ি, ৮৪৭টি থ্রিপিস, ১৯১টি শাল (চাদর) ও ২১৬০ কেজি থান কাপড় পাওয়া যায়।
/জেবি/টিএন/