সাতক্ষীরা সীমান্তে ট্রাকভর্তি ভারতীয় মুরগির বাচ্চা জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ট্রাকভর্তি ভারতীয় মুরগির বাচ্চা জব্দ করেছে সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)। মঙ্গলবার ভোরে কলারোয়া উপজেলার দাঁতভাংগা সীমান্ত থেকে ট্রাকভর্তি ১৮ হাজার পিচ মুরগির বাচ্চা জব্দ করা হয়। জব্দ করা ট্রাকসহ মুরগির বাচ্চার দাম আনুমানিক ১৯ লাখ টাকা।

তবে, বিজিবি এ সময় কোনও চোরাকারবারীকে আটক করতে পারেনি।
সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল কলারোয়া উপজেলার দাঁতভাংগা সীমান্তে অভিযান চালায়। এই অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. জামাল উদ্দিন। এ সময় ভারত থেকে আনা ১৮ হাজার পিস মুরগির বাচ্চা জব্দ করা হয়। জব্দকৃত ট্রাকসহ মুরগির বাচ্চার দাম আনুমানিক ১৯ লাখ টাকা।
তিনি আরও জানান, সম্প্রতি সাতক্ষীরা জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় মুরগির বাচ্চা ও ডিম চোরাচালান অনেক বেড়েছে। এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করা হলে দেশের উন্নয়নশীল পোল্ট্রি শিল্প ধ্বংসের মুখে পড়বে। এই শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য ও অর্থনীতির চাকা সচল রাখার জন্য বিজিবি’র এই চোরাচালান বিরোধী অভিযান অব্যহত থাকবে।

 /জেবি/টিএন/