বড়দের শত্রুতা কেড়ে নিল শিশু তাহমিনার প্রাণ

সিলেটের ফেঞ্চুগঞ্জে বড়দের পূর্ব শক্রতার জের ধরে প্রাণ দিতে হলো তাহমিনা বেগম (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে। সোমবার স্কুলে গিয়ে আর বাড়ি ফেরা হয়নি তার। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর  গভীর রাতে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেটপুলিশের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে শিশুটিকে অপহরণের পর গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে একজনকে আটক করা হয়েছে।
নিহত তাহমিনা উপজেলার আশিঘর গ্রামের দিনমুজর মতই মিয়ার মেয়ে। আশিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল সে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার স্কুলে যাবার পর আর বাড়ি ফেরেনি তাহমিনা। সারাদিনেও বাড়ি না ফেরায় রাতে তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। মাইকিং শুনে স্বপ্রণোদিত হয়ে শিশুটির সন্ধানে নামে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। কোথাও তাকে খুঁজে না পেয়ে ব্যাপক তল্লাশি চালিয়ে মধ্যরাতে দক্ষিণ আশিঘর এলাকায় নিহত তাহমিনার ভাবি রুবিনা আক্তারের বাড়ির পেছনে টয়লেটের গর্ত থেকে তাহমিনার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) মীর নাসিরের নেতৃত্বে পুলিশের একটি দল ভোররাতে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে তার ভাবি রুবিনা বেগমকে আটক করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর জানান, বিদ্যালয় থেকে ফেরার পথে শিশু তাহমিনাকে অপহরণ করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গুম করতে টয়লেটের গর্তে ফেলে দেওয়া হয় বলে তারা ধারণা করছেন। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান ওসি। 

/জেবি/টিএন/