চট্টগ্রামে ১১ দিনে ৩৯৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

চট্টগ্রামে চলতি মাসের ১১ দিনে (১ থেকে ১১ অক্টোবর) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৯৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে গত চব্বিশ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৪ জন। তাদের মধ্যে ২৩ জন বেসরকারি হাসপাতালে এবং ৩১ জন সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডেঙ্গুতে চট্টগ্রামে চলতি বছর মোট ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট এক হাজার ২১২ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৫৫৮ জন, নারী ৩৩২ জন ও শিশু ৩২২ জন।’

সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, ডেঙ্গুতে জানুয়ারিতে ৯ জন, ফেব্রুয়ারিতে ৪ জন, মার্চে ১ জন, এপ্রিলে ৩ জন, জুনে ১৯ জন, আগস্টে ১১৪ জন, সেপ্টেম্বরে ৬০১ জন ও অক্টোবরে ৩৯৭ জন শনাক্ত হন। তাদের মধ্যে ৮৭২ জন মহানগরের ও ৩৪০ জন জেলার।

এদিকে, উপজেলায় শনাক্তদের মধ্যে রয়েছেন লোহাগাড়ায় ১৪ জন, সাতকানিয়ায় ৩৭ জন, বাঁশখালীতে ১৩ জন, আনোয়ারায় ৯ জন, চন্দনাইশে ১০ জন, পটিয়ায় ৩৫ জন, বোয়ালখালীতে ১৩ জন, রাঙ্গুনিয়ায় ১১ জন, রাউজানে ১০ জন, ফটিকছড়িতে ৮ জন, হাটহাজারীতে ৩৩ জন, সীতাকুণ্ডে ৮৫ জন, মীরসরাইয়ে ১৩ জন, সন্দ্বীপে ৪ জন ও কর্ণফুলীতে ৪৮ জন।