ছুটিতে বাড়িতে গিয়ে সড়কে প্রাণ গেলো সেনাসদস্যের

নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় মহিদুল ইসলাম (২৬) নামে এক সেনা সদস্যের নিহত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা সোনারডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করেন।

মহিদুল ইসলাম ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে জেলার খানসামা উপজেলার ভুল্লির বাজারের দিকে যাচ্ছিলেন মহিদুল ইসলাম। সে সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবোঝাই ট্রাক্টর ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

নিহত সেনা সদস্যের পারিবারিক সূত্রে জানা যায়, ১৫ দিনের ছুটিতে শনিবার বাড়িতে আসেন মহিদুল। যশোর সেনানিবাস থেকে তার বদলি হয় ঢাকা সেনানিবাসে। সেই বদলির কারণে ছুটিতে বাড়িতে আসেন মহিদুল।

প্রতিবেশী সিরাজ উদ্দিন জানান, দুপুরে ভুল্লিবাজার এলাকায় নানার বাড়ি থেকে মা জান্নাতি বেগমকে আনতে মোটরসাইকেলে যাওয়ার সময় দুর্ঘটনায় মারা যান মহিদুল।

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার (আরএমও) জুলফিকার আলী নবাব বলেন, ‘সোয়া ১টার দিকে হাসপাতালে নেওয়া হয় মহিদুলকে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’

নীলফামারী সদর থানার ওসি জানান, মরদেহ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ট্রাক্টরটি পুলিশ হেফাজতে রয়েছে।