ঘন কুয়াশা ও পন্টুনডুবি

পটুয়াখালীর সঙ্গে সারাদেশের ১০ ঘণ্টা যোগাযোগ বন্ধ

পটুয়াখালীপটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিঘাটে প্রায় ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ঘন কুয়াশা ও পন্টুন ডুবে যাওয়ার কারণে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের সঙ্গে পটুয়াখালীর যোগাযোগ বন্ধ ছিল।
যোগাযোগ বন্ধ থাকার কারণে বুধবার মধ্য রাত থেকে ফেরি ঘাটের লেবুখালী ও বাকেরগঞ্জ অংশে দুই কিলোমিটারের বেশি এলাকায় পণ্য, যাত্রীবাহী, মালবাহী ও পর্যটকবাহী গাড়ি আটকা পরে। এর ফলে চরম ভোগান্তিতে পরে কয়েক হাজার মানুষ।
স্থানীয়রা জানান, বুধবার রাত ২টা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কেটে গেলে সকাল পৌনে ১০টায় ফেরি চলাচল শুরু হলেও বাকেরগঞ্জ অংশের পন্টুনের তলা ফেটে পানি ঢুকে ডুবে যায়। এর ফলে আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পটুয়াখালী ও বরিশালের ফায়ার সার্ভিসের সদস্যদেরা এসে পাম্প লাগিয়ে প্রায় দুই ঘণ্টা পন্টুনের পানি সেচার কাজ করে। পানি ফেলার পর পন্টুনটি আবার ভেসে উঠলে ফেরি চলাচল শুরু হয়। তবে এরপরও দুই দিকের ফেরি চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

উল্লেখ্য, এই ফেরিটি মাসের মধ্যে ১৫ দিনই নানা কারণে ১০ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকে বলে অভিযোগ স্থানীয়দের। তা নিয়ে কর্তৃপক্ষের কোনও উদ্যোগ নেই।

/জেবি/এফএস/