এক্সপ্রেসওয়েতে উল্টে গেলো সৌদিয়া পরিবহনের বাস

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরে উল্টে গেলো দূরপাল্লার সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস।এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ যাত্রী।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি শিবচরের পাঁচ্চর স্ট্যান্ড অতিক্রম করতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় বাসের যাত্রীরা অনেকেই আঘাত পেয়ে আহত হন। তবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। মাথাসহ বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে রাতেই স্থানীয় রয়েল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আহত যাত্রীরা।

স্থানীয়রা জানান, দ্রুতগতিতে বাসটি পাঁচ্চর আন্ডারপাসের সড়ক অতিক্রম করার পরেই হঠাৎ উল্টে যায়। বাসটি বেশ দ্রুতগতিতে চলছিল। বাসের যাত্রীদের বেশির ভাগই আঘাত পেয়েছেন।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিসবাহ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপরেই উল্টে যায়। মারাত্মক কোনও হতাহতের ঘটনা ঘটেনি। রাতেই বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’