ডিবি পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার চেষ্টা, ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর মাদক ব্যবসায়ীরা হামলার চেষ্টা করে। এ সময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
মাদক ব্যবসায়ীদের সঙ্গে ধস্তাধস্তির সময় ডিবির এক এসআই  আহত হন। পরে ডিবি সদস্যরা ধাওয়া করে ছয়জনকে আটক করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির এসআই  মাজহার হোসেন জানান, হাজীগঞ্জ ইকবাল মিয়ার বাড়িতে মাদক ব্যবসায়ীরা জড়ো হয়েছে, এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা হামলার চেষ্টা করে। তারা ৫-৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল,পাঁচটি ককটেল,৫শ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মাজহার আরও জানান, আটক ছয়জনের মধ্যে সুফিয়ান, রাজু ও বাপ্পী ফতুল্লার হাবিব ও সিদ্ধিরগঞ্জের নীরব হত্যা মামলার আসামি। আটক অপর তিনজন একেক সময়ে একেক নাম পরিচয় দিচ্ছে। সেগুলো যাচাই করা হচ্ছে। ধস্তাধস্তিতে তিনি (মাজহার) আহত হয়ে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বিটি/এপিএইচ/