বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য চলচ্চিত্র ও নাটক নির্মাতা, অভিনেতা ও লেখক আমজাদ হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে জামালপুরে। এ উপলক্ষে বুধবার সকালে শহরের বকুলতলা চত্বর থেকে মৌন শোভাযাত্রা বের করে আমজাদ হোসেন চর্চা কেন্দ্র জামালপুর।
শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়। সেখানে আমজাদ হোসেনের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে প্রয়াত এই গুণীর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
শোভাযাত্রার আয়োজকরা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন একাধারে প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব, দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা, প্রখ্যাত অভিনেতা ও সাহিত্যিক। তাকে জানতে তার কর্ম ও সৃষ্টি সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে আমজাদ হোসেন চর্চা কেন্দ্র জামালপুর।’
উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বর মাসে আমজাদ হোসেন অসুস্থ হয়ে ঢাকার ইমপালস হাসপাতালে ভর্তি হন। ওই মাসেই তাকে চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যাওয়া হয়। তিনি ২০১৮ সালের ১৪ ডিসেম্বর ৭৬ বছর বয়সে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান।