চট্টগ্রাম থেকে মৌলভীবাজারে আসার পথে এনা পরিবহনের একটি বাস থেকে ১৬ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। রবিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল চৌহমুনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন– ওয়াজ মিয়া (৩৩), হাফিজুর রহমান (২৮), সৈয়দ আলী (২৭), নূর মোস্তফা (১৮), ছুমুদা খাতুন (৫০), ফাতেমা খাতুন (৭০), রোকেয়া বেগম (২৮), আশরাফা বেগম (১৮), ইয়াসমিন আরা (১৮), নূর সাহেরা (১৪), সফুদা বিবি (১৪), জনুয়ারা বেগম (১২), ইয়াছমিন আরা (১০), আসমা বিবি (৬), নুরুল আমিন (৮), এরফান (৪)। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম সরদার জানান, রবিবার সকাল ৭টায় মৌলভীবাজার জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক ক্যশৈনু ছুটি শেষে চট্টগ্রাম থেকে এনা পরিবহনে (গাড়ি নং ঢাকা মেট্রো ১৫-৬৭০৩) মৌলভীবাজার আসছিলেন। পথে ওই গাড়িতে থাকা কিছু যাত্রীকে তার রোহিঙ্গা বলে সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক বিষয়টি মৌলভীবাজার পুলিশ কন্ট্রোলরুমকে অবহিত করেন। মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসারকে অবহিত করে। পরে শ্রীমঙ্গল থানার এসআই জাকির হোসেন শ্রীমঙ্গল চৌমুহনায় অবস্থান করে গাড়িটিকে থামান। এসআই জাকির হোসেন গাড়িতে থাকা নারী-পুরুষ ও শিশুসহ মোট ১৬ জন যাত্রীকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত ও আটক করেন। পরে এসআই জাকির আটক রোহিঙ্গাদের নিজ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে বলে স্বীকার করে। আটক রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
থানা হেফাজতে থাকা রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।