ট্রাক দুমড়ে দিলো অটোরিকশাকে, যুবক নিহত

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পারভেজ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো-খাগড়াছড়ি সড়কের বনানী গর্জন বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত পারভেজ দাঁতমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাঞ্চনা এলাকার আলী আহমেদের ছেলে। আহতদের মধ্যে মুহাম্মদ সোহেল (৩০) ও মিলন (২৯) নামে দুই জনের নাম জানা গেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, দাঁতমারা থেকে সিএনজি অটোরিকশাটি ফটিকছড়ির কাজিরহাটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী পারভেজ নিহত হন। বাকি আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

ভুজপুর থানার এসআই নাজমুল কবীর বাংলা ট্রিবিউনকে জানান, নিহত ব্যক্তির সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত পারভেজ চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি (চট্ট মেট্রো-ট ১২০০৫১) জব্দ করা হয়েছে।