দেশ, জাতি ও বিশ্ব মানবতার মঙ্গল কামনায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে কুড়িগ্রামে তিন দিনব্যাপী মিনি ইজতেমা শেষ হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় কুড়িগ্রাম শহরের পূর্ব প্রান্তে ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরি মুনাজাতে লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে।
মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি সারা বিশ্বের নিপীড়িত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইজতেমার প্রধান বক্তা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
এর আগ গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে কুড়িগ্রাম শহরের পূর্ব প্রান্তে ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ ইজতেমা শুরু হয়। বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যানারে তিন দিনব্যাপী ইজতেমার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আয়োজকদের তিন শতাধিক স্বেচ্ছাসেবক ছাড়াও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
ইজতেমা উপলক্ষে গঠিত মিডিয়া সেলের দায়িত্বে থাকা আসাদুজ্জামান রিপন বলেন, ‘তিন দিনের ইজতেমা শেষে রবিবার সকাল পৌনে ৯টায় দোয়া শুরু হয়। প্রায় ১৫ মিনিট ব্যাপী দোয়া পরিচালনা করেন চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। আখেরি মোনাজাতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এ ছাড়াও সারাবিশ্বের নিপীড়িত মুসলমানদের হেফাজত কামনা করে বিশেষ দোয়া করা হয়। বিশ্ব মানবতার মুক্তির জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়।’