ভোলায় মোটরসাইকেল ও ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে সোহেল (২৫) ও শাওন (২০) নামে দুই ভাই নিহত হয়েছেন। রবিবার (১৫ জানুয়ারি ) দুপুর আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের আব্দুল করিম মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, দুপুরের দিকে ভোলা সদরের পরানগঞ্জ বাজার থেকে বাজার নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সোহেল ও শাওন। পথে একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। তবে ঘটনার পরে ট্রলির চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।