বালুর স্তূপে চাপা পড়ে প্রাণ হারালেন শ্রমিক

টাঙ্গাইলের ভূঞাপুরে বালুঘাটে কাজ করার সময় বালুর স্তূপের নিচে পড়ে রাশেদুল ইসলাম (২৫) নামে ভেকু মেশিনের এক হেলপারের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই জন আহত হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) ভোর রাতে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকার বালুর ঘাটে এই ঘটনা ঘটে।

নিহত রাশেদুল উপজেলার পলশিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন, ‘অনেক উঁচু বালুর স্তূপে তিন-চার জন উঠে পাইপ খুলছিলেন। পরে বালুর স্তূপ ভেঙে তাদের ওপর পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আহত আরও দুই জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘বালুর স্তূপের নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত দুই জনের মধ্যে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’