বাসচাপায় প্রাণ হারালেন ভ্যানযাত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের রাজৈরে বাসচাপায় জলিল ব্যাপারী (৫৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। রবিবার দিবাগত রাত ১টায় রাজৈর উপজেলার এসআর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সততা নিশ্চিত করেছেন।

নিহত জলিল ব্যাপারী উপজেলার কুঠিবাড়ি এলাকার মৃত হাসান ব্যাপারীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ৩০ জানুয়ারি রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাধুরব্রিজে ওয়াজ মাহফিলের মেলা থেকে অটোভ্যানে বাড়ি ফিরছিলেন তিন জন। সে সময় ভ্যানটি সানেরপাড় এলাকায় আসলে পেছনে থেকে একটি বাস চাপা দিয়ে সটকে পরে। ভ্যানে থাকা সবাই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জলিল ব্যাপারীকে মৃত ঘোষণা করেন। ভ্যানচালক নুরুল হক (৪০) এবং আরেক যাত্রী জয়নাল মোল্লা (৫০) গুরুতর আহত হয়েছেন। নুরুল হককে ফরিদপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।