ঘরের সন্তান মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত পাবনাবাসী। জেলায় তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা। রবিবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি হিসেবে তিনি মনোনয়ন পাওয়ার পর থেকেই পাবনার সর্বস্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছেন। সোমবার মো. সাহাবুদ্দিনকে ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
নতুন রাষ্ট্রপতি প্রসঙ্গে পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান জানান, পাবনায় থাকাকালে প্রেস ক্লাবেই বেশি সময় কাটাতেন মো. শাহাবুদ্দিন। ১৯৭৪ সালে তিনি বাংলার বাণী পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ১৯৭৫ সালে পাবনা প্রেস ক্লাবের সদস্যপদ লাভ করেন। এখন তিনি আজীবন সদস্য।
নতুন রাষ্ট্রপতির প্রতিবেশী স্থানীয় পত্রিকা ‘দৈনিক বিবৃতি’র সম্পাদক ইয়াছিন আলী মৃধা রতন বলেন, ‘জনাব সাহাবুদ্দিন একজন ক্লিন ইমেজের মানুষ। তার প্রতি ক্ষোভ আছে এমন কাউকে দেখিনি।’
১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতি ছিলেন মো. সাহাবুদ্দিন। এ জন্য আনন্দ প্রকাশ করে বর্তমান জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি বলেন, ‘পাবনার মানুষের জন্য এর চেয়ে ভালো সংবাদ আর নেই। জনাব সাহাবুদ্দিন সবসময়ই মানুষের জন্য ভেবেছেন, কল্যাণকর কাজ করেছেন।’
বর্তমান পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, ‘জনাব সাহাবুদ্দিন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি আজ রাষ্ট্রপতি। তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’
মো. সাহাবুদ্দিনের জন্ম ১৯৪৯ সালে পাবনা শহরের শিবরামপুর জুবলিট্যাঙ্ক পাড়ায়। তার বেড়ে ওঠা পাবনা শহরেই। পাবনার অলিতে-গলিতে সবখানে ঘরের সন্তান রাষ্ট্রপতি হওয়ায় চলছে আলোচনা।